মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যাওয়ার দরকার নেই, ফাইল নাকচ প্রধানমন্ত্রীর

সম্প্রতি মশা মারা শিখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সোমবার (১ জুন) দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি প্রস্তাবটি নাকচ করে দিয়ে ফাইলে লিখেছেন—‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

